ঢাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ভেঙে পড়ার শঙ্কা করছে আইএসপিএবি

১৭ আগষ্ট, ২০২০ ১৭:৪৮  
ঢাকা মহানগরের দক্ষিণে সুবাতাস পায়নি ইন্টারনেট সেবাদাতারা। তবে উত্তর নিয়ে স্বস্তিতে আছেন তারা। কেননা দক্ষিণে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে আইএসপিএবি প্রতিষ্ঠানগুলোকে বছরে ২৫ লাখ টাকার বিনিময়ে নিবন্ধিত হওয়া এবং ভূগর্ভস্থ লাইনে ফাইবার সঞ্চালনের জন্য প্রতি মিটারে এক টাকা হারে রাজস্ব চেয়েছে দক্ষিণ সিটি। অপরদিকে ভূগর্ভস্থ লাইন বাড়ি বাড়ি পর্যন্ত সম্প্রসারণে এনটিটিএন প্রতিষ্ঠানগুলোকে তৎপর হওয়ার তাগিদ দিয়েছে উত্তর সিটি। নগরীরর সৌন্দর্য রক্ষায় সড়কে ঝুলন্ত তারের মাধ্যমে উচ্চগতির সাশ্রয়ী ইন্টারনেট সেবা অব্যাহত রাখার বিষয়ে দুই সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক করেছেন ইন্টারনেট সেবাদাতাদের জাতীয় সংগঠন আইএসপিএবি নেতারা। বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন সংগঠনটির নেতারা। বৈঠকে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, সহ-সভাপতি এফ এম রাশেদ আমিন, মহাসচিব ইমদাদুল হক ও যুগ্ম মহাসচিব মইন উদ্দিন আহমেদ এবং ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানিয়েছে, সোমবার আইএসপিএবি সংগঠনের ৪ শীর্ষ নেতা এবং ২ এনটিটিএন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম। বৈঠকে আরো উপস্থিত ছিলেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র মহাপরিচালক(এম অ্যান্ড ও) ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ করিম। বৈঠক শেষে বাড়ি বাড়ি মাটির নিচ দিয়ে লাইন টানার সুব্যবস্থা কতটা রয়েছে এ বিষয়ে সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, ১০টির মধ্যে ৮টিতেই এই সুবিধা নেই। এই অসুবিধা দূর করতে এসময় উপস্থিত সামিট কমিউনিকেশন ও ফাইবার অ্যাট হোম প্রতিনিধিদের তাগাদা দেয়া হয়। সিদ্ধান্ত হয়েছে, আগামী মাসের মধ্যেই গুলশান এভিনিউয়ে মাটির নিচ দিয়ে ফাইবার সংযোগ ব্যবস্থা নিশ্চিত করার। এ বিষয়ে সকল পক্ষই একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। অপরদিকে চলমান ফাইবার অপসারণ অভিযান বন্ধ বিষয়ে রোববার নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকে শেষ হয় সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে দক্ষিণ সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দ্বারস্থ হচ্ছেন আইএসপিএবি নেতারা। কেননা সোমবারও যাত্রাবাড়িতে ঝুলন্ত তারকাটার অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি করপোর্রেশন। বৈঠক বিষয়ে আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক বলেছেন “আমরা আসলে হতাশ। এভাবে চলতে থাকলে ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ভেঙে পড়বে।”